"শৈলকুপায় কিংবদন্তি শিক্ষকদের স্মরণে নাগরিক শ্রদ্ধা: প্রধান অতিথি আইনমন্ত্রী আসাদুজ্জামান"
মেহেদী হাসান, শৈলকুপা উপজেলা প্রতিনিধি
শৈলকুপা সরকারি কলেজের প্রয়াত ছয়জন দিকপাল শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানাতে এক অনন্য আয়োজন সম্পন্ন হলো। রোববার সকালে শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে "শৈলকুপা নাগরিক কমিটি"র উদ্যোগে এক স্মরণসভা, সম্মাননা প্রদান ও স্মারকগ্রন্থ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান। তিনি প্রয়াত অধ্যাপক আলিম উদ্দীন, ফরিদ উদ্দীন, লক্ষীকান্ত দাস, মসহাব উদ্দিন, সদর উদ্দিন শিকদার এবং মুন্সি আব্দুল ওয়াদুদ-এর কর্মময় জীবন ও শিক্ষা বিস্তারে তাঁদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
শৈলকুপা নাগরিক কমিটির আহবায়ক অ্যাডভোকেট মো: ইসমাইল হোসেনের সভাপতিত্বে এই আবেগঘন অনুষ্ঠানে বক্তারা বলেন, এই গুণী শিক্ষকরা কেবল পাঠদানই করেননি, বরং শৈলকুপার আলোকিত সমাজ গঠনে কারিগরের ভূমিকা পালন করেছেন। অনুষ্ঠানে প্রয়াত শিক্ষকদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং তাঁদের স্মৃতির উদ্দেশ্যে প্রকাশিত একটি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।