শৈলকুপায় ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, মামলা দায়ের

শৈলকুপায় ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, মামলা দায়ের
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় পুলিশের এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই, ২০২৬) সকালে উপজেলার হাকিমপুর ইউনিয়নের খুলুমবাড়িয়া বাজার এলাকা থেকে তাদের আটক করে শৈলকুপা থানা পুলিশ।
আটককৃতরা হলেন— উপজেলার সারুটিয়া ইউনিয়নের শাহবাড়িয়া গ্রামের আকবর আলী শেখের ছেলে আবু সাঈদ ওরফে সাউথ (৪৫) এবং আজাদনগর গ্রামের আবুল কাশেম জোয়ার্দারের ছেলে বিটু জোয়ার্দার (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, খুলুমবাড়িয়া বাজার এলাকায় কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানার একটি চৌকস দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক বিক্রির প্রস্তুতির সময় আবু সাঈদ ও বিটু জোয়ার্দারকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে মোট ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।