দীর্ঘ ২ বছরের অচলাবস্থার অবসান: শৈলকুপা সাব-রেজিস্ট্রার অফিস দলিল-লেখক সমিতির নতুন কমিটি গঠন

দীর্ঘ ২ বছরের অচলাবস্থার অবসান: শৈলকুপা সাব-রেজিস্ট্রার অফিস দলিল-লেখক সমিতির নতুন কমিটি গঠন

শৈলকূপা উপজেলা প্রতিনিধি:

দীর্ঘ দুই বছরের অচলাবস্থার অবসান ঘটিয়ে অবশেষে ঝিনাইদহের শৈলকুপা সাব-রেজিস্ট্রার অফিস দলিল-লেখক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার (৫ জুলাই) দুপুরে উৎসবমুখর পরিবেশে সমিতির এই নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত এই নতুন কমিটিতে সাইফুল ইসলাম সভাপতি এবং মিরাজ হোসেন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ দুপুরে শৈলকুপা সাব-রেজিস্ট্রার অফিস প্রাঙ্গণে এক আনুষ্ঠানিক সভার আয়োজন করা হয়। কমিটি ঘোষণার সময় উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতেই সর্বসম্মতিক্রমে আনুষ্ঠানিকভাবে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।
এদিকে দীর্ঘদিন পর সমিতির নতুন নেতৃত্ব নির্ধারিত হওয়ায় সাধারণ দলিল-লেখকদের মধ্যে চরম স্বস্তি ও উদ্দীপনা ফিরে এসেছে। কমিটি গঠনকে কেন্দ্র করে আজ অফিস এলাকায় এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সমিতির সাধারণ সদস্যরা আশা প্রকাশ করে বলেন, দীর্ঘদিনের অচলাবস্থা কেটে যাওয়ায় এখন থেকে সমিতির কার্যক্রমে স্থবিরতা দূর হবে। নতুন কমিটির যোগ্য ও গতিশীল নেতৃত্বের মাধ্যমে দলিল-লেখকদের অধিকার রক্ষা এবং সমিতির সামগ্রিক কার্যক্রম আরও বেগবান হবে বলে সংশ্লিষ্ট সকলে প্রত্যাশা করছেন।