
মাদলা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মেহেদী হাসান,শৈলকুপা উপজেলা প্রতিনিধি:
শৈলকুপা উপজেলার ৭ নং হাকিমপুর ইউনিয়নের মাদলা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সাবেক ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি জনাব মো: নজরুল ইসলাম জোয়ারদার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আতাহার হোসেন, ডা: নজরুল ইসলাম,মোহাম্মদ টোকোনুজ্জামান, মোঃ আব্দুস সালাম সহ আরো অনেকে ।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোঃ আফিল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্কুল থেকে শিক্ষা গ্রহণ করে বর্তমানে দেশ-বিদেশের বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত নবীন-প্রবীণ শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, স্মৃতির আঙিনায় ফিরে আসা এবং প্রবীণ-নবীনদের মধ্যে সেতুবন্ধন তৈরির এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বক্তারা এই অনুষ্ঠানটিকে অত্যন্ত সুন্দর ও প্রাণবন্ত হিসেবে আখ্যায়িত করেন এবং ভ্রাতৃত্বের এই ধারা বজায় রাখতে প্রতিবছর এ ধরণের আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
একই সাথে, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের বিষয়ে তাগাদা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
মেহেদী হাসান,শৈলকুপা উপজেলা প্রতিনিধি 












