শৈলকুপায় বীর মুক্তিযোদ্ধা ল্যান্স কর্পোরাল (অব.) আমিনুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

শৈলকুপায় বীর মুক্তিযোদ্ধা ল্যান্স কর্পোরাল (অব.) আমিনুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মেহেদী হাসান, শৈলকুপা উপজেলা প্রতিনিধি :

ঝিনাইদহের শৈলকুপার কৃতি সন্তান, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানি ল্যান্স কর্পোরাল (অব.) আমিনুল ইসলাম আর নেই। ২০ মার্চ ২০২৬, শুক্রবার ভোর রাত ০৩:০০ ঘটিকায় বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে শৈলকুপার ঐতিহাসিক শাহী মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল এই সম্মাননা প্রদর্শন করে। বীর মুক্তিযোদ্ধার স্মরণে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ‘ব্ল্যাংক ফায়ার’ করা হয়। এ সময় শৈলকুপা সেনা ক্যাম্পের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের হাতে পরম মমতায় বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, ল্যান্স কর্পোরাল (অব.) আমিনুল ইসলাম ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর ১৯৭৭ সালের ৯ আগস্ট তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল কোরে যোগদান করেন। বর্ণাঢ্য কর্মজীবনে বীরত্ব ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তিনি রণতারকা, সমর পদক, জয় পদক এবং নিরাপত্তা পদক অর্জন করেন। দীর্ঘ ১৯ বছর দেশসেবা শেষে ১৯৯২ সালের ১১ জুলাই তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।