শৈলকুপায় গাছখেকোদের মহোৎসব: টেন্ডার ছাড়াই গাছ কর্তন, ৫৬৮ গাছের দাম মাত্র ১.৩ লাখ!

শৈলকুপায় গাছখেকোদের মহোৎসব: টেন্ডার ছাড়াই গাছ কর্তন, ৫৬৮ গাছের দাম মাত্র ১.৩ লাখ!

মেহেদী হাসান,শৈলকুপা  উপজেলা প্রতিনিধি :

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ ও শেখপাড়া-লাঙ্গলবাঁধ সড়কে সরকারি গাছ লুটপাটের এক অভিনব প্রতিযোগিতা শুরু হয়েছে। বন বিভাগ ও সড়ক বিভাগের কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশে নামমাত্র মূল্যে গাছ বিক্রি এবং বিনা টেন্ডারে গাছ কাটার গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

শৈলকুপার গাড়াগঞ্জ এলাকায় কোনো প্রকার নিয়ম বা টেন্ডারের তোয়াক্কা না করেই রাস্তার ধারের মূল্যবান গাছ কেটে ফেলা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র প্রশাসনের চোখের সামনেই এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, অথচ সংশ্লিষ্ট বিভাগ রহস্যজনকভাবে নীরব রয়েছে।

সবচেয়ে বড় অনিয়মের চিত্র দেখা গেছে শেখপাড়া থেকে লাঙ্গলবাঁধ সড়কে। এই সড়কের ৫৬৮টি বিভিন্ন প্রজাতির বড় গাছ মাত্র ১ লাখ ৩০ হাজার টাকায় টেন্ডার দেওয়া হয়েছে। হিসাব অনুযায়ী, প্রতিটি গাছের গড় মূল্য পড়েছে মাত্র ২২৯ টাকা—যা বর্তমান বাজারে অবিশ্বাস্য।
অভিযোগ উঠেছে, দিনাজপুর জেলার পার্বতীপুরের ‘মেসার্স চিশতিয়া এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠান এই টেন্ডার বাগিয়ে নিয়েছে। স্থানীয়দের দাবি, বন ও সড়ক বিভাগের অসাধু কর্মকর্তাদের সাথে গোপন আঁতাত করে পানির দরে এই বিপুল পরিমাণ সম্পদ হাতিয়ে নিয়েছেন ঠিকাদার। নামমাত্র মূল্যে এই বিক্রির ফলে সরকার লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারিয়েছে।

সচেতন মহলের প্রশ্ন, যেখানে একেকটি গাছের বাজারমূল্য কয়েক হাজার টাকা, সেখানে ৫৬৮টি গাছ কীভাবে মাত্র ১ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি সম্ভব? তারা এই ‘হরিলুট’ বন্ধে এবং জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *