শৈলকুপায় হারানো মোবাইল উদ্ধার করে প্রশংসায় ভাসছেন এএসআই আলামিন

শৈলকুপায় হারানো মোবাইল উদ্ধার করে প্রশংসায় ভাসছেন এএসআই আলামিন

শৈলকুপা উপজেলা প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপা থানায় মোবাইল চুরির অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করার পর, প্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করেছেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলামিন। হারানো শখের মোবাইল ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন, যার ফলে প্রশংসায় ভাসছেন এই পুলিশ কর্মকর্তা।

ভুক্তভোগী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে শৈলকুপার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। ফোন হারানোর পর ভুক্তভোগীরা শৈলকুপা থানায় লিখিতভাবে জিডি করেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে আমলে নেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা। তিনি দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার জন্য মামলার তদন্তভার দেন এএসআই আলামিনের ওপর।
তদন্তভার পাওয়ার পর এএসআই আলামিন তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে সুনির্দিষ্ট অভিযান পরিচালনা করেন। একের পর এক উদ্ধার করেন চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো। পরবর্তীতে থানার মাধ্যমে উদ্ধারকৃত মোবাইলগুলো প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

মোবাইল ফিরে পেয়ে উচ্ছ্বসিত এক ভুক্তভোগী জানান, “মোবাইলটি হারিয়ে যাওয়ার পর আশা ছেড়েই দিয়েছিলাম। কিন্তু শৈলকুপা থানার ওসির তৎপরতা এবং এএসআই আলামিন এর  অক্লান্ত পরিশ্রমে আমার ফোনটি ফিরে পেয়েছি। পুলিশের এমন আন্তরিক সেবায় আমরা অত্যন্ত আনন্দিত।”
এ বিষয়ে শৈলকুপা থানা পুলিশ জানায়, জনগণের জানমালের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে পুলিশ সর্বদা প্রস্তুত। অপরাধীদের দমনে এবং সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।